বৈধ ভোটারদের এসআইআর হয়রানির প্রতিবাদ জানিয়ে গত ৬ তারিখ থেকে ধর্মতলায় ধরনায় বসেছিলেন মমতা৷ আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি৷ এসআইআর প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্বস্তির ছায়ায় ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার সুযোগ থাকছে৷ তাই চিন্তার কোনও কারণ নেই৷’’ ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে মমতা জানালেন, “এবার আমরা বিচারের অপেক্ষায়৷ মানুষ অধিকার পাবেন৷ যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছে৷” ধরনা মঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, “নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে৷ আমার পিটিশনটি এখনও আছে৷ নির্বাচন ঘোষণা করে দিলেও ভাববেন না যে আপনার নাম তোলার সুযোগ নেই৷ ওরা বলেছেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারও নাম বাদ গিয়ে থাকে, আমাদের কাছে আসবেন৷ আমরা স্পেশাল কেস হিসাবে এটি দেখব৷” এরপরই সাময়িকভাবে ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন মুখ্যমন্ত্রী৷ জানালেন, “এবার আমরা বিচারের অপেক্ষায়৷ মানুষ অধিকার পাবেন৷ যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছে৷ এবার দেখা যাক কী হয়৷” সবশেষে জনসাধারণকে মা-মাটি-মানুষের আস্থায় নিশ্চিতে থাকার আশ্বাস দিলেন মমতা৷
‘বৈধ ভোটাররা বিচার পাবেই’, সুপ্রিম কোর্টে আস্থা মমতার

